Friday, April 10, 2026
রাজ্য​

বাংলা থেকে নতুন ৪ কেন্দ্রীয় মন্ত্রী; নিশীথ, শান্তনু, সুভাষ এবং জন বার্লা

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল। বুধবার সন্ধ্যা ৬টায় শপথ গ্রহণ করবেন নতুন করে ৪৩ জন মন্ত্রী। তার আগে সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে হাজির ছিলেন নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।

অর্থাৎ, বাংলা থেকে কেন্দ্রে মোট চারজন মন্ত্রী হচ্ছেন। ইতিমধ্যেই বাংলার দুই প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। উল্লেখ্য, গত লোকসভা ও বিধানসভা নির্বাচন উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। সেদিক দিয়ে বলতে গেলে উত্তরবঙ্গ বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি। ঘাঁটি আরও শক্ত করতে সেখান থেকে দুই জনকে মন্ত্রী করা হচ্ছে বলে খবর।

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার তাবড় তাবড় সব নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া নতুন মন্ত্রী হবেন, তাঁরাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

এদিকে, নয়া নাগরিকত্ব আইন রাজ্যে কার্যকর না হওয়ায় বিজেপির প্রতি মতুয়াদের সমর্থনে চিড় ধরছিল। তাই মতুয়া সম্প্রদায়ের সমর্থন ধরে রাখতে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হল। পাশাপাশি, জঙ্গলমহলের কথা ভেবে মন্ত্রিসভায় জায়গা পেলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।