Tuesday, April 21, 2026
রাজ্য​

কেন্দ্রের মোদী সরকার টাকা দিচ্ছে হাসপাতাল তৈরিতে, অথচ সাহায্য করছে না রাজ্য: অধীর চৌধুরী

কলকাতা: বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা এই প্রথম নয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প অতীতেও রাজ্য চালু করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী অভিযোগ করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ার্স ফান্ডের টাকায় পশ্চিমবঙ্গে দুটি করোনা হাসপাতাল তৈরির ছাড়পত্র দিয়েছেন। কেন্দ্রের তরফে নির্মাণের অনুমোদন মিললেও এই কাজে রাজ্য সরকার কোনও সাহায্য করছে না। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহরমপুরে একটি ৫০০ বেডের হাসপাতাল তৈরি করে দেওয়ার অনুরোধ জানান লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী। কিন্তু বহরমপুর হাসপাতালে জায়গার ব্যবস্থা কম হওয়ায় ৫০০ বেডের হাসপাতাল তৈরি সম্ভব নয়। তাই ডিআরডিও জানায়, মুর্শিদাবাদ এবং কল্যাণীতে দুটি ২৫০ বেডের করোনা হাসপাতাল তৈরি করা হবে।

অধীরের অনুরোধে ইতিমধ্যেই বহরমপুর হাসপাতালে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর বসিয়েছে ডিআরডিও। তবে রাজ্যের মমতা সরকারকে উপর অসহযোগিতার অভিযোগ তুললেন অধীরবাবু।

মমতাকে লেখা চিঠিতে অধীর জানিয়েছেন, পিএম কেয়ার্সের টাকায় ডিআরডিও হাসপাতাল তৈরির কাজ শুরু হলেও জমি, জল, বিদ্যুত্‍ ইত্যাদির বিষয়ে রাজ্য সরকারের সাহায্য করছে না।

অধীরবাবু মুখ্যমন্ত্রীকে লিখেছেন, করোনার তৃতীয় ঢেউ আসার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। করোনায় রোগীদের যথাযথ চিকিত্‍সা, সংক্রমণ রোখার ক্ষেত্রে আগাম পরিকল্পনা দরকার। তাই হাসপাতাল দুটি নির্মাণে মমতা সরকারের সহযোগিতা চেয়েছেন অধীরবাবু।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।