Sunday, February 8, 2026
খেলা

‘আগুন লেগেছে’, বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন বাংলায় টুইট ইংরেজ বোর্ডের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাচ চলাকালীন একাধিক টুইট করা হয় ইংল্যান্ড ক্রিকেট টিমের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। তার মধ্যে থেকে একটি টুইট নেটিজেনদের মন কেড়েছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলায় টুইট করেছে। টুইটে লেখা, “আগুন লেগেছে আদিল রশিদের” (আগুন বোলিং করছেন আদিল রশিদ)। এরপরেই কমেন্টে প্রশংসায় বন্যায় ভাসতে থাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।


একজন লিখেছেন, ‘আমি কখনও ভাবিনি যে এই অ্যাকাউন্ট থেকে বাংলায় টুইট দেখব। প্রশংসনীয়।’ অপর এক নেটিজেন লিখেছেন, ‘খুব সুন্দর ইংরেজি দল।’ একজন আবার বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা। অত্যন্ত গর্বিত।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘যে বাংলায় টুইট করেছেন, সুখবর তোমায় বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হোক। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আগুন ধরাবেন।’

উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪৭.২ ওভারে ২০৯ রানে অল-আউট হয়ে যায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮২ বলে ৫৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩১ রান করেন মাহমুদুল্লাহ। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পান মার্ক উড, আদিল রশিদ, জোফ্রা আর্চার এবং মইন আলি। ক্রিস ওকস এবং উইল জ্যাকস একটি করে উইকেট তুলে নেন।