এক্সে ভারত বিরোধী ভুয়ো পোস্ট, ট্রাম্পের উপদেষ্টার মুখে ঝামা ঘষে দিলেন ইলন মাস্ক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি হোয়াইট হাউজের উপদেষ্টা পিটার নাভারো ভারতবিরোধী পোস্ট করেন। রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের সমালোচনা করেন তিনি। এক্সে পোস্ট করেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে শুধুমাত্র লাভের জন্য। তার পোস্টের নিচে একটি কমিউনিটি নোট সংযুক্ত করা হয়, যা তার বক্তব্যের বিপরীতে তথ্যভিত্তিক ফ্যাক্ট চেক করে।
কমিউনিটি নোটে উল্লেখ করা হয়, ‘ভারত শুধুমাত্র লাভের জন্য রাশিয়ার তেল কিনছে না, বরং নিজের জ্বালানি সুরক্ষার জন্য এই উদ্যোগ নিয়েছে। ভারতের এই আমদানি নিষেধাজ্ঞার লঙ্ঘন নয়। পাশাপাশি, আমেরিকা নিজেও রাশিয়ার কাছ থেকে নানা পণ্য আমদানি করে চলেছে, যা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়।’ এই নোটে একাধিক বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থার লিঙ্কও সংযুক্ত করা হয়।
নাভারো এই কমিউনিটি নোটের সঙ্গে তার মূল পোস্ট জুড়ে দেওয়া দেখে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। তিনি পুনরায় একটি পোস্টে লেখেন, ‘দুর্দান্ত। ইলন মাস্ক এবার প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। কমিউনিটি নোটে দেওয়া তথ্য ভুয়ো। ভারত রাশিয়ার তেল কিনছে শুধুমাত্র লাভের উদ্দেশ্যে। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার আগে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনত না। ভারতের স্পিন মেশিন বিষয়টিকে ঢাকতে ব্যস্ত।’ পাশাপাশি, নাভারো আমেরিকান চাকরি নেয়ার অভিযোগও তুলেছেন।
এরপর ইলন মাস্ক সাফ বলেন, “এই প্ল্যাটফর্মে ন্যারেটিভ নিয়ে সিদ্ধান্ত নেওয়া জনগণের অধিকার। যুক্তির সব দিক শুনতে দেওয়া হয়। কমিউনিটি নোটস সকলের তথ্য সংশোধন করে এবং এটি কোনো ব্যতিক্রম নয়। নোট, ডেটা ও কোড সব পাবলিক সোর্স ভিত্তিক, যার ওপর আরও তথ্য যাচাই করার ব্যবস্থা রয়েছে।”
তবে এবারই প্রথম নয়, পিটার নাভারো দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে নানা অযাচিত মন্তব্য করে আসছেন। রাশিয়ার তেল কেনার বিষয়ে তিনি বারবার ভারতে এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এমনকি ইউক্রেন যুদ্ধকে তিনি ‘মোদীর যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি তিনি আরও বিতর্কিতভাবে দাবি করেন, ভারতের ব্রাহ্মণ সম্প্রদায় রাশিয়ার তেল কেনায় লাভবান হচ্ছে। যদিও এসব দাবি একাধিকবার ফ্যাক্ট চেক করা হয়েছে, তবুও নাভারো থামছেন না।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের অভিযোগ ও মিথ্যা তথ্য ছড়ানো কেবল ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাবে না, আন্তর্জাতিক জনমতেও নেতিবাচক প্রভাব ফেলবে।


