Sunday, February 8, 2026
Latestদেশ

Unnao Case: উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপের জামিনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। দিল্লি হাইকোর্টের জামিন সংক্রান্ত নির্দেশের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, “একজন দোষী সাব্যস্ত ব্যক্তি অন্য একটি গুরুতর অপরাধেও দণ্ডিত। এই বিষয়টি বিবেচনায় রেখেই আমরা দিল্লি হাইকোর্টের ২৩ ডিসেম্বরের নির্দেশে স্থগিতাদেশ দিচ্ছি।” আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, এই নির্দেশের ফলে কুলদীপ সিংহ সেঙ্গারের জেলমুক্তির কোনও প্রশ্ন নেই। আগামী জানুয়ারি মাসে মামলাটির পরবর্তী শুনানি হবে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর নির্যাতিতার আইনজীবী বলেন, “আদালত স্পষ্ট বার্তা দিয়েছে এই ধরনের মামলায় অভিযুক্ত কোনও অবস্থাতেই ছাড়া পেতে পারেন না।”

উল্লেখ্য, ২০১৭ সালে উন্নাওয়ে ধর্ষণের অভিযোগ ওঠার সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন। বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার ও তার সহযোগী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ২০১৮ সালের ১৩ এপ্রিল তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর বিজেপি কুলদীপকে দল থেকে বহিষ্কার করে।

পুলিশের চার্জশিটের ভিত্তিতে পকসো আইনের ১২০বি (ষড়যন্ত্র), ৩৬৩ (অপহরণ), ৩৬৬ (বিবাহের জন্য অপহরণ), ৩৭৬ (ধর্ষণ)-সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়।

এই সাজাকে চ্যালেঞ্জ করে কুলদীপ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। গত মঙ্গলবার হাইকোর্ট ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করে এবং সাজা স্থগিত রাখে। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, নির্যাতিতার বাড়ির ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না কুলদীপ এবং নির্যাতিতার পরিবারকে কোনও ধরনের হুমকি দেওয়া যাবে না।

তবে ওই জামিন নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। যদিও দিল্লি হাইকোর্টের নির্দেশের পরেও জেলমুক্তি হয়নি কুলদীপের। ধর্ষণ মামলায় সাজা স্থগিত থাকলেও নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় সেই মামলায় এখনও সাজা ভোগ করছেন তিনি। ওই সাজা চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে তার আবেদন বিচারাধীন।

সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে স্পষ্ট, উন্নাও ধর্ষণকাণ্ডে আপাতত কোনও স্বস্তি পেলেন না বিজেপির বহিষ্কৃত এই প্রাক্তন বিধায়ক।