Wednesday, October 28, 2026
Latestকলকাতা

কলকাতা বন্দরের ড্রেজিংয়ের জন্য ৪৩০.৬৮ কোটি টাকার অনুমোদন দিলো কেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের (SMPA) ড্রেজিংয়ের জন্য ৪৩০.৬৮ কোটি টাকা আর্থিক সহায়তা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। হুগলি নদীর ২৩২ কিলোমিটার দীর্ঘ নৌপথ, যা কলকাতা ডক সিস্টেমের সঙ্গে যুক্ত, এবং হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য ব্যবহৃত ১২৫ কিলোমিটার দীর্ঘ নৌপথের রক্ষণাবেক্ষণে এই অর্থ ব্যয় করা হবে। নদীতে ক্রমাগত পলি জমার কারণে জাহাজ চলাচল নিরাপদ রাখতে নিয়মিত ড্রেজিং অত্যন্ত জরুরি।

একসময় ড্রেজিংয়ের খরচের ১০০ শতাংশ বহন করত কেন্দ্র। তবে ২০২৪ অর্থবর্ষে সেই আর্থিক সহায়তা কমে ৬১ শতাংশে দাঁড়ায়। ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রের অনুদানের হার ৫৮ শতাংশ থেকে কমে ২০৩০-৩১ অর্থবর্ষে ৪০ শতাংশ হবে। এরপর থেকে বন্দরের নিজস্ব আয় থেকেই ড্রেজিংয়ের সম্পূর্ণ খরচ বহন করতে হবে।

২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ড্রেজিংয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে কয়েকটি লক্ষ্যমাত্রা পূরণের শর্তও যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (PPP) পণ্য পরিবহণ, বার্থের যান্ত্রিকীকরণ, পণ্য পরিবহণের পরিমাণ বৃদ্ধি এবং ভর্তুকির অর্থ বাদ দিয়ে কর-পূর্ব নিট উদ্বৃত্ত বৃদ্ধি।