Thursday, April 9, 2026
Latestরাজ্য​

তৃণমূল প্রার্থী লাভলির পোস্টের হ্যাশট্যাগ ‘বাংলাদেশ ভোট’, বিতর্ক তুঙ্গে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা নির্বাচন ২০২৬-এর মুখে সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ ঘিরে তীব্র বিতর্কে জড়িয়ে পড়লেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। তাঁর ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে ‘#বাংলাদেশভোট’ হ্যাশট্যাগ ব্যবহারের অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানউতোর।

প্রসঙ্গত, ওই পোস্টে সোনারপুর দক্ষিণের ভোটারদের উদ্দেশে ভোটদানের আহ্বান জানানো হয়েছিল। সেখানে লেখা ছিল, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।” তবে মূল বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পোস্টের নীচে ব্যবহৃত কয়েকটি হ্যাশট্যাগ, যার মধ্যে ‘বাংলাদেশভোট’ বিশেষভাবে নজর কাড়ে।

বিতর্ক শুরু হতেই দ্রুত পোস্টটি মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে বিষয়টি নিয়ে সরব হয়ে ওঠে বিজেপি। দলের দাবি, এটি নিছক টাইপো নয়, বরং এর পিছনে রয়েছে একটি ‘গভীর রাজনৈতিক মানসিকতা’।

বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কড়া ভাষায় প্রশ্ন তোলেন, “বাংলার ভোটকে বাংলাদেশের ভোট বলে প্রচার করা— পশ্চিমবঙ্গ সম্পর্কে এটাই কি তৃণমূলের দৃষ্টিভঙ্গি?” একই সুরে আক্রমণ শানান সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন, “উনি কি বাংলাদেশে নির্বাচন লড়ছেন? নাকি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখছেন?”

এমনকি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়েও টিপ্পনী কাটেন তিনি। তাঁর ইঙ্গিত, সংশোধনের আড়ালে বাংলাদেশি ভোটারদের উপর নির্ভর করার অভিযোগ তুলতে চাইছে বিজেপি শিবির।

বিতর্ক আরও তীব্র হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান— এটাই তাঁদের রাজনৈতিক এজেন্ডা।”

এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটি আদৌ প্রযুক্তিগত ভুল, নাকি রাজনৈতিক বার্তা— তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক কোনও বিস্তারিত ব্যাখ্যা সামনে আসেনি।

ভোটের মুখে এই বিতর্ক যে নির্বাচনী প্রচারে বড় ইস্যু হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য।