‘পশ্চিমবঙ্গে SIR হলে মমতার ৯০ লাখ রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাদ যাবে’, বিস্ফোরক দাবি শুভেন্দুর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর মূল আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল এসআইআর বা ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া।
শুভেন্দু অধিকারী দাবি করেন, “রাজ্যে এসআইআর হলে প্রায় এক কোটি ভুয়ো ভোটার বাদ যাবে। এর মধ্যে ৯০ লক্ষই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার।” বিরোধী দলনেতা বলেন, “বিজেপি ভোটার তালিকার বিশুদ্ধিকরণের পক্ষে এবং এতে রাজ্যের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”
তিনি আরও মন্তব্য করেন, “ভারতীয় মুসলিমদের নাম বাদ যাবে না। কিন্তু রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে।” শাসক দলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের রক্ষা করার অভিযোগও তোলেন শুভেন্দু।
এছাড়া শুভেন্দু অধিকারী এদিন সিএএ নিয়েও বক্তব্য রাখেন। তিনি ঘোষণা করেন, “আগামী ২৮ অক্টোবর থেকে বিজেপির পক্ষ থেকে সিএএ ক্যাম্প শুরু হবে। ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীরা সেই ক্যাম্পে গিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করুন। আবেদন করার পর ভোটার লিস্টে নাম তোলা হবে।”
বিজেপি সূত্রে জানা গেছে, ওই ক্যাম্পগুলিতে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি ও ফর্ম পূরণের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।


