Tuesday, August 25, 2026
Latestবিনোদন

পাকিস্তান এবং বালুচিস্তানকে আলাদা হিসেবে উল্লেখ, সালমান খানকে জঙ্গি ঘোষণা পাকিস্তানের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ বালুচিস্তান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা সালমান খান। পাকিস্তান সরকার তাকে দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জঙ্গি হিসেবে ঘোষণা করেছে।

সূত্র অনুযায়ী, রিয়াদে আয়োজিত ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সালমান খান পাকিস্তান ও বালুচিস্তানকে আলাদা সত্তা হিসেবে উল্লেখ করেন। অভিনেতার সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানি প্রশাসন ও নাগরিক সমাজ।

পাকিস্তান সরকার জানিয়েছে, সালমান খানের এই মন্তব্য দেশের সার্বভৌমত্বের পরিপন্থী এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপকে উৎসাহিত করতে পারে। এই অভিযোগে তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের চতুর্থ তফশিলের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় থাকা ব্যক্তিদের উপর কঠোর নজরদারি, চলাচলের সীমাবদ্ধতা এবং আইনি পদক্ষেপের মতো বিধিনিষেধ আরোপ করা হয়।

উল্লেখ্য, বহু বছর ধরেই বালুচিস্তান প্রদেশে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চলছে। পাকিস্তান বারবার এই আন্দোলনকে “বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র” হিসেবে আখ্যা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সালমান খানের মন্তব্যকে পাকিস্তান অত্যন্ত সংবেদনশীল ইস্যু হিসেবে দেখছে।

এ বিষয়ে এখনো পর্যন্ত সালমান খান বা তাঁর প্রতিনিধিরা কোনো সরকারি প্রতিক্রিয়া জানাননি। তবে বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।