করোনায় অনাথ শিশুদের দেখভালের কার্যত পুরো দায়িত্ব নিল কেন্দ্র
নয়াদিল্লি: মারণ করোনাভাইরাসের জেরে অনেক শিশুই বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছিল এইসব অনাথ শিশুদের ভবিষ্যৎ। তবে তাদের পাশে দাঁড়ানো কেন্দ্র। তাদের ভবিষ্যতের ভেবে বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
শনিবার কেন্দ্রের ঘোষণায় বলা হয়েছে, করোনার কারণে অনাথ শিশুদের ১৮ বছর বয়স পর্যন্ত মাসিক ভাতা দেবে কেন্দ্র সরকার। তবে ঠিক কত টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। বয়েস ১৮ বছর হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে ঋণ। ২৩ বছর হলে এককালীন ১০ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে। যেটা তারা পেশাদারি প্রয়োজনে কাজে লাগাতে পারবে।
শনিবার টুইট করে কেন্দ্রের নয়া এই উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এক্ষেত্রে পুরো খরচটাই বহন করবে পিএম কেয়ার্স ফান্ড। করোনার জেরে অনাথ হওয়া সকল শিশুর শিক্ষার ব্যবস্থা পুরোপুরি ফ্রীতে হবে বলেও জানানো হয় কেন্দ্রের তরফে। এছাড়া কেউ যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয় এবং শিক্ষা ঋণ নিতে চাইলে পিএম কেয়ার্স ফান্ডের তরফে দেওয়া হবে।
কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, অনাথ শিশুদের কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয় অথবা সৈনিক স্কুলে ভর্তি করা হবে। অথবা ওই শিশু যদি তার কোনও পরিজনের কাছে থাকে, তাহলে তাকে সেখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করানো হবে। তবে আশপাশে কোনও কেন্দ্রীয় বিদ্যালয় না থাকলে, সে বেসরকারি স্কুলে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার অধিকার আইন অনুযায়ী তার পড়াশোনা খরচ দেবে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, করোনার কারণে অনেক শিশুই তাদের বাবা-মাকে হারিয়েছে। সরকার এই সমস্ত শিশুদের খেয়াল রাখবে। তাদের জন্য সম্মানজনক জীবনের পাশাপাশি ভবিষ্যতের জন্য সুযোগ তৈরি করে দেবে। পিএম কেয়ার্স তহবিল থেকে এই অনাথদের পড়াশোনা এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

