Sunday, October 11, 2026
কলকাতা

Sonam Wangchuk: CJP নেতাদের রবিবারের মধ্যে মুক্তি না দিলে ফের অনশনের হুঁশিয়ারি সোনাম ওয়াংচুকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লিতে আটক রাজনৈতিক নেতাদের রবিবারের মধ্যে মুক্তি না দিলে অনশন অথবা পদযাত্রা শুরু করার হুঁশিয়ারি দিলেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। শনিবার নির্বাচন কমিশনের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে জন্তর মন্তরের উদ্দেশে মিছিল করার চেষ্টা করেন একাধিক রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও বিক্ষোভকারী। তাঁদের মধ্যে ছিলেন ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের আটক করে দিল্লি পুলিশ।

সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক দাবি করেন, দেশ বর্তমানে এক ধরনের ‘অঘোষিত জরুরি অবস্থা’র মধ্যে দিয়ে যাচ্ছে।

তিনি লেখেন, “গতকাল যখন আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বার্তা দিয়েছিলাম, তখন কল্পনাও করিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে অঘোষিত জরুরি অবস্থা জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।”

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভে সমর্থন জানালেও শারীরিকভাবে দিল্লিতে উপস্থিত থেকে আন্দোলনে অংশ নিতে পারেননি ওয়াংচুক। তিনি বলেন, “আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য এতজন নেতা রয়েছেন দেখে আমি খুশি হয়েছিলাম। কিন্তু এখন জানতে পারছি, তাঁদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।”

আটক নেতাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে রবিবারের মধ্যে তাঁদের মুক্তি না দিলে অনশন অথবা পদযাত্রার কথা ভাবতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই সমাজকর্মী।