Wednesday, March 4, 2026
রাজ্য​

করোনা কালে এক টাকায় ভরপেট খাওয়াচ্ছে থানাপাড়ার কালী মন্দির ট্রাস্ট

মুর্শিদাবাদ: করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা দেশ। কঠিন এই পরিস্থিতিতে মানবতার সেবায় এগিয়ে আসছে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের থানাপাড়ার কালী মন্দির ট্রাস্ট করোনা কালে মানুষকে মাত্র ১ টাকায় ভরপেট খাওয়াচ্ছে। ১ টাকায় আপনি খেতে পারবেন ভাত, ডাল, রুটি, তরকারি, পাঁপড়, চাটনি আর শেষপাতে মিষ্টি।

উদ্যোক্তারা জানিয়েছেন, করোনা কালে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে তাঁরা। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই অভিযান। তবে শুধু দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কুপন দিয়ে খাবার সংগ্রহ করতে হচ্ছে। প্রতিদিন ২০০টি কুপন দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কুপন সংগ্রহ করার সময়। কুপন দেখিয়ে দুপুরের খাবার মিলছে।

মন্দির ট্রাস্টের সেক্রেটারি রামকৃষ্ণ সিংহ বলেছেন, আমাদের এক টাকা নেওয়ার কারণ হল কারও যেন মনে না হয় দান করা হচ্ছে। কুপন অনুযায়ী খাবার দেওয়ার ফলে খাবার নষ্ট হওয়ার সুযোগ নেই।

সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেন, আমাদের খুব সুবিধা হচ্ছে। টানা লকডাউনের জেরে কর্মহীনের সংখ্যা বেড়েছে। খুব ভালো খাবার দেওয়া হচ্ছে। মন্দির ট্রাস্টের এই উদ্যোগ সাড়া ফেলেছে এলাকায়। স্থানীয় ব্যবসায়ীরাও সাহায্যে এগিয়ে এসেছেন।

ছবি- ABP Live