Monday, December 15, 2025
দেশ

করোনায় প্রতিটি পরিবারকে মাসিক ৪ হাজার টাকা, মহিলাদের জন্য গণপরিবহণ ফ্রী: স্ট্যালিন

চেন্নাই: বিপুল ভোটে জয়লাভ করে তামিলনাডুর ১৪তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে দলের নেতা মুথুভেল করুণানিধি স্ট্যালিন ওরফে এমকে স্ট্যালিন। শুক্রবার রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। কুর্সিতে বসেই ছক্কা হাঁকালেন তিনি। তামিলনাডুবাসীর জন্য বড় ঘোষণা করলেন।

স্ট্যালিন বলেন, করোনাকালীন পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি পরিবারকে মাসিক ৪ হাজার টাকা করে দেওয়া হবে। মে মাসেই দেওয়া হবে প্রথম কিস্তির ২ হাজার টাকা। রাজ্যের রেশনকার্ডধারী ২.০৭ কোটি মানুষ পাবেন এই সুবিধা।

পাশাপাশি, রাজ্যের প্রাইভেটে হাসপাতালেও যারা করোনার চিকিৎসা করাচ্ছেন তাঁদের খরচ বহন করবে রাজ্য সরকার। রাজ্যে দুধের দাম কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের মহিলাদের জন্য গণপরিবহণ একেবারে ফ্রী।

উল্লেখ্য, ২৩৪ আসনের তামিলনাডু় বিধানসভায় ডিএমকে জয়লাভ করেছে ১৩৩টি আসনে। ডিএমকে-র শরিক দল কংগ্রেস পেয়েছে ১৮টি আসন। বিরোধী জোট এআইএডিএমকে পেয়েছে ৬৬টি আসন। বিজেপি পেয়েছে ৪টি আসন।