Monday, December 15, 2025
রাজ্য​

‘আলো মানেই ফিলিপ, পাগলা মানেই দিলীপ’, মদন মিত্র

দক্ষিণেশ্বর: টানা তৃতীয়বার বাংলায় সরকার গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দিনই ফেসবুক লাইভে এসে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে নজিরবিহীন কটাক্ষ করলেন মদন মিত্র।

ফেসবুক লাইভে এসে মদন মিত্র বলেন, রোজ তলোয়ার দেখাতেন না দিলীপবাবু! খালি বলতেন, ‘বুঝে নেব’। কোথায় গেল? আলো মানে ফিলিপ, আর পাগলা মানে দিলীপ। এদের কোনও উত্তর হয়?

উল্লেখ্য, কামারহাটি থেকে ৪৪ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন মদন মিত্র। দোলের দিন বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে নৌকাবিহারে গিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মদন মিত্র।

বিজেপি নেতা তথাগত রায় এই ঘটনায় ওই তারকা প্রার্থীদের ‘নটী নর্তকী’ বলে কটাক্ষ করেছিলেন। মদনকে ‘প্লেবয়’ বলে উল্লেখ করেছিলেন তথাগত। সেই কটাক্ষের জবাব দিয়ে বুধবার ফেসবুক লাইভে মদন মিত্র নিজেকে ‘প্লেবয়’ নয় ‘লাইফবয়’ বলে উল্লেখ করেন।