Friday, April 10, 2026
কলকাতা

ঘোড়ায় চেপে পেগাসাস কান্ডের প্রতিবাদ জানালেন মদন মিত্র

কলকাতা: মদন মিত্র মানেই ছক বাঁধা নিয়মের বাইরে গিয়ে অভিনব কিছু করা। বরাবরই ভিন্নভাবে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। পেগাসাস কান্ডের প্রতিবাদ জানাতে ঘোড়ায় চেপে রাস্তায় নামলেন কামারহাটির এই তৃণমূল বিধায়ক। পাশাপাশি, জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।

বৃহস্পতিবার যদুবাবুর বাজার থেকে এলগিন রোডের মোড় পর্যন্ত দুই কিলোমিটার পথ তৃণমূল সমর্থকদের নিয়ে মিছিল করেন মদনবাবু। প্রথমে তিনি পায়ে হেঁটে মিছিলে সামিল হন। তখন পাশে থাকা ঘোড়ার গলায় ঝুলানো ছিল ‘পেগাসাস’ লেখা সম্বলিত একটি পোস্টার। তবে কিছু দূর হাঁটার পরে ঘোড়ার পিঠে উঠে বসেন মদন মিত্র। মিছিলের বাকি রাস্তা ঘোড়ার পিঠেই চড়ে থাকেন তৃণমূলের এই নেতা।

মিছিলে মদন মিত্র চোখে কালো কাপড়, বেঁধে কালো পোশাক পরে, কালো ঘোড়ায় চেপে প্রতিবাদ করেন। পেগাসাস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেন তিনি।

পেগাসাস কান্ডের প্রতিবাদে মদন মিত্র বলেন, আমাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতছে কেন্দ্রের মোদী সরকার। করোনা এবং পেগাসাসের বিষ ছড়াচ্ছে বিজেপি। এর প্রতিবাদে আজ আমি রাস্তায় নেমেছি। প্রতিবাদ মিছিলের গোটা সময়টাই ফেসবুক লাইভে ছিলেন। অনুরাগীদের দাবি মেনে গানও শোনান বেশ কয়েকটি। গানের মাধ্যমেই বিজেপিকে ‘৪২০’ বলে তীব্র আক্রমণ করেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।