Wednesday, April 29, 2026
FEATUREDদেশ

বাংলা-সহ পাঁচটি ভাষায় পড়া যাবে ইঞ্জিনিয়ারিং: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তি উপলক্ষে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আঞ্চলিক ভাষা তথা মাতৃভাষার উপর গুরুত্ব দিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলা সহ পাঁচটি ভাষায় ইঞ্জিনিয়ারিং কোর্স করা যাবে। এবার থেকে আমাদের মাতৃভাষার উপর বিশেষ জোর দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২০ সালের ২৯ জুলাই জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়। জাতীয় শিক্ষানীতির আবহে নতুন প্রকল্পের সূচনা হয়েছে। চলতি বছরের ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছরে পা দেবে দেশ। জাতীয় শিক্ষা নীতির জন্য পরিকল্পিত নয়া প্রকল্প নতুন ভারত নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নয়া এই শিক্ষানীতি অত্যন্ত আধুনিক।

নরেন্দ্র মোদী বলেন, করোনাকালীন সময় অনলাইন শিক্ষাদান অনেক সহজ হয়েছে। দেশের বহু শিক্ষার্থী এই পদ্ধতিতে পড়াশুনো করছেন। দেশের যুবক-যুবতীরা ডিজিটাল পড়াশোনার সাথে যুক্ত হচ্ছেন। অদূর ভবিষ্যতে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিতে ভারতে আসবে পড়ুয়ারা।

প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সহ ৮টি রাজ্যের ১৪ টি কলেজে পাঁচটি ভাষায় ইঞ্জিনিয়ারিং কোর্স করা যাবে। মাতৃভাষার মাধ্যমে পড়াশোনা করলে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়বে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।