Monday, December 15, 2025
রাজ্য​

পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হলো, তবে শুধু বাংলাতেই এত হিংসার ঘটনা কেন?

কলকাতা: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, পুদুচেরি এবং কেরলে এক সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ মে ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুতে ডিএমকে, অসমে বিজেপি, পুদুচেরিতে বিজেপি এবং কেরলে সিপিএম জয়লাভ করেছে। তবে আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গেই নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত।

গত ২ মে রাজ্যে ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম মিলিয়ে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দাবি করেছেন, কমপক্ষে ১৪ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ঘরছাড়া এক লাখের বেশি বিজেপিকর্মী।

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা থেকে মুক্তি পেতে ভয়ে বাংলা থেকে পালিযে অসমে আশ্রয় নিয়েছেন ৪০০ বিজেপি কর্মী, সমর্থক। তাদের খাদ্য-বাসস্থানের ব্যবস্থা করেছে অসম সরকার। পাশাপাশি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গে গণতন্ত্রের নামে চলতে থাকা এই ভয়ানক হিংসা-নৃত্য বন্ধের দাবি জানান।

বিরোধীদের অভিযোগ, একাধিক জায়গায় তাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছেন। খুন করা হয়েছে অনেককেই। এই পরিস্থিতি থামানোর জন্য ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করেছে বিজেপির প্রতিনিধি দল।  দু’দিনের সফরে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন জেপি নাড্ডা। রাজ্যে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন তিনি। তবে রাস্তায় আক্রান্ত হয় জেপি নাড্ডার কনভয়ও।

বুধবারই রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। দ্রুত রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে। চিঠিতে রীতিমতো হুঁশিয়ারির সুরে জানানো হয়, ভোট-পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট কেন্দ্রকে জমা দিন। রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার কেন্দ্রকে পালটা চিঠি পাঠায় নবান্ন। চিঠিতে বলা হয়েছে, হিংসার ঘটনা যখন ঘটছিল, তখন ক্ষমতায় আসেনি নয়া সরকার।

উল্লেখ্য, ন্যাশনাল ক্রাইম রেকডস ব্যুরোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে রাজনৈতিক হিংসার কারণে ভারতে ৫৪ জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১২টি ঘটেছে পশ্চিমবঙ্গে। দ্বিতীয় রয়েছে বিহার। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছ। তৃতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে ৭ জনের। অর্থাৎ রাজনৈতিক খুনের মামলায় ভারতের মধ্যে সবচেয়ে উপরে রয়েছে পশ্চিমবঙ্গ।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার ৬৯৩ ও ১১টি খুনের মামলা দায়ের হয়েছিল। ভোটের পর ওই বছর ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে মোট ৮৫২ টি মামালার রিপোর্ট কমিশনকে পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, এই সময়ের মধ্যে ৬১ জনের মৃত্যু হয়েছে।