একসঙ্গে ৩ জন হিজাব বিরোধীর মৃত্যুদণ্ড দিল ইরান, ১০৯ জন প্রতিবাদীকে মৃত্যুদণ্ড দিতে পারে কট্টরপন্থী প্রশাসন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোটা ইরান জুড়ে হিজাব বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়ছে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান প্রশাসনের দমননীতিও। বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই সোমবার একসঙ্গে আরও তিনজনকে মৃত্যুদণ্ড দিল ইরান। যার ফলে এই নিয়ে মোট ১৭ জন হিজাব বিরোধীকে মৃত্যুদণ্ড দিল ইরান।
কয়েকদিন আগেই দুই কিশোরীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, চারজনের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে ইরানের সাধারণ মানুষ, গোটা বিশ্বে শান্তিকামী মানুষরা মৃত্যুদণ্ডের আদেশের বিরোধিতায় সরব হয়েছে। তবে ইরানের কট্টরপন্থী প্রশাসন নিজেদের সিদ্ধান্ত থেকে নড়তে নারাজ।
শরিয়তি আইনের ভিত্তিতেই এই সমস্ত মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ইরান প্রশাসন সূত্রে খবর, ১০৯ জন প্রতিবাদীকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হতে পারে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে হিজাব বিতর্কে উত্তাল হয়ে ওঠে গোটা ইরান। হিজাব না পরার কারণে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তরুণী মাহসা আমিনির। এর পরেই হিজাব বিরোধীরা রাস্তায় নেমে আসে।

