Tuesday, April 28, 2026
Latestদেশ

সামরিক খরচে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্ব রাজনীতির অস্থির আবহে সামরিক ব্যয় ক্রমশই বাড়ছে। এমন পরিস্থিতিতে ২০২৫ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে উঠে এল ভারত। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা, চিন, রাশিয়া এবং জার্মানির পরেই রয়েছে ভারতের নাম। ২০২৫ সালে ভারতের সামরিক ব্যয় দাঁড়িয়েছে ৯২.১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮.৯ শতাংশ বেশি। প্রতিরক্ষা খাতে এই ধারাবাহিক বৃদ্ধি ভারতের কৌশলগত অবস্থানকে আরও মজবুত করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বের বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে আমেরিকা। ২০২৫ সালে তারা একাই ৯৫৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে প্রতিরক্ষা খাতে। দ্বিতীয় স্থানে থাকা চিন খরচ করেছে ৩৩৬ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। তৃতীয় স্থানে থাকা রাশিয়া ব্যয় করেছে ১৯০ বিলিয়ন ডলার। এই তিন দেশ মিলেই বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৫১ শতাংশ বহন করছে, যার পরিমাণ প্রায় ১৪৮০ বিলিয়ন ডলার।

ভারতের ঠিক উপরে থাকা জার্মানি ২০২৫ সালে সামরিক খাতে ব্যয় করেছে ১১৪ বিলিয়ন ডলার। ফলে শীর্ষ পাঁচের তালিকায় ভারতের অবস্থান আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে, পাকিস্তান সামরিক ব্যয়ের নিরিখে ভারতের তুলনায় অনেকটাই পিছিয়ে। ২০২৫ সালে তাদের ব্যয় দাঁড়িয়েছে ১১.৯ বিলিয়ন ডলার, যা ক্রমতালিকায় ৩১তম স্থান। যদিও শতাংশের নিরিখে পাকিস্তানের ব্যয় বৃদ্ধি (১১ শতাংশ) ভারতের তুলনায় বেশি।

সিপ্রি-র রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের সামরিক ব্যয় বাড়লেও অস্ত্র আমদানির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ২০১৬-২০ সময়কালের তুলনায় ২০২১-২৫ সময়ে ভারতের অস্ত্র আমদানি ৪ শতাংশ কমেছে। তবুও, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সামরিক আমদানিকারক দেশ হিসেবে এখনও ভারতের অবস্থান বজায় রয়েছে।

সব মিলিয়ে, ২০২৫ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় ২৮৮৭ বিলিয়ন ডলারের রেকর্ড ছুঁয়েছে। আন্তর্জাতিক অস্থিরতা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ—এই তিনের মিলিত প্রভাবে সামরিক খাতে এই বিপুল ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলেই মত বিশ্লেষকদের।