Tuesday, March 10, 2026
দেশ

বিয়ের জন্য ধর্মান্তর সমর্থন করি না: রাজনাথ সিং

নয়াদিল্লি: বর্তমানে লাভ জিহাদ নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে বিবাহের জন্য ধর্মান্তর সমর্থন করি না এবং কেন এটির প্রয়োজন হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ধর্মান্তর বন্ধ হওয়া উচিত।

তিনি বলেন, আমি যতদূর জানি, মুসলিমরা ভিন্ন ধর্মে বিবাহ করতে পারেন না। আমি বিবাহের জন্য ধর্মান্তরের মতো বিষয়টিকে সমর্থন করি না। উত্তরপ্রদেশে সম্প্রতি লাভ জিহাদ বিরোধী আইন পাশ করা হয়েছে। এই আইনের অপব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে লখনউয়ের সাংসদ রাজনাথ সিং একথা বলেন।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্বাভাবিক বিবাহ ও ধর্মান্তর করে বিবাহের মধ্যে পার্থক্য রয়েছে। অনেকক্ষেত্রে আপনারা দেখবেন, জোর করে কিংবা লোভ দেখিয়ে ধর্মান্তর করানো হয়। স্বাভাবিক বিবাহ এবং জোর করে ধর্মান্তরের মধ্যে বিরাট বড় পার্থক্য রয়েছে। তাই আইন তৈরি করে এটি বন্ধ করা উচিত।

উত্তর প্রদেশ সরকার গত বছরই আইন পাশ করিয়েছে। আইনে সাফ বলা হয়েছে, জোর করে, প্রলোভন দেখিয়ে বা বিয়ের নাম করে কারও ধর্মান্তর করা যাবে না। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সরকারও আইন প্রণয়ন করতে চলেছে। শিবরাজ সিং চৌহানের সাফ হুঁশিয়ারি, যদি কেউ ‘লাভ জেহাদ’-এর নামে ধর্মান্তরের চেষ্টা করে, তাকে ধ্বংস করে দেব।

উল্লেখ্য, লাভ জিহাদ আইনে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের ১০ বছর পর্যন্ত জেল হবে। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, যে ধর্মগুরু এই ধরনের বিবাহ দেবেন, তারও পাঁচ বছর কারাদণ্ড হবে। এছাড়া সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার কথাও বলা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবারই আইআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেন, লাভ জিহাদের বিরুদ্ধে আইন করে সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে করছে বিজেপি। তাঁর দাবি, সংবিধানের ১৪, ২১ এবং ২৫ এর অনুচ্ছেদে বলা হয়েছে সাম্যের অধিকার, জীবনযাপনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা। তাঁর অভিযোগ, এই আইন তৈরি করে বিজেপি দেশে ঘৃণার পরিবেশ তৈরি করছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।