Tuesday, February 10, 2026
আন্তর্জাতিক

বাংলাদেশের নড়াইলে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আটক অনিমেষ বিশ্বাস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের নড়াইলের কালিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়রা আটক করে তাঁকে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা।

আজকের পত্রিকা প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দুলু কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে কালীনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের সঙ্গে ধর্ম নিয়ে অনিমেষের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধর্ম সম্পর্কে কটূক্তি করেন তিনি।

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় অনিমেষ পালিয়ে যাওয়ার চেষ্টার করলে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে নড়াগাতী থানা-পুলিশে সোপর্দ করে।

কালিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান এই ঘটনাকে ধৃষ্টতা আখ্যা দিয়ে অনিমেষের শাস্তি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অনিমেষকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সমরেশ সরকার

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।