Monday, April 13, 2026
আন্তর্জাতিক

ফেসবুকের ‘হাহা’ রিঅ্যাক্ট ইসলাম বিরোধী, ফতোয়া জারি বাংলাদেশি মৌলবীর

ঢাকা: ফেসবুকে মজার মিম বা ভিডিওতে ‘হাহা’ রিঅ্যাক্ট করে থাকেন। কিন্তু ফেসবুকের এই ‘হাহা’ রিঅ্যাক্ট নাকি পুরোপুরি ‘হারাম’। ইসলাম ধর্মের পরিপন্থী। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই আজব নিদান দিয়েছেন বাংলাদেশের মৌলবী শায়খ আহমাদুল্লাহ। আজব এই নিদানের কথা জানতে পেরে অবাক হয়েছেন নেটিজেনরা।

গত ১৯ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে ‘হাহা’ রিঅ্যাক্টয়ের বিরুদ্ধে ফতোয়া দেন তিনি। উল্লেখ্য, শায়খের ফেসবুক পেজে তার ২২ লাখের বেশি ফলোয়ার রয়েছে। আহমাদুল্লাহ বলেন, ফেসবুকে মজার কন্টেন্টে ‘হা হা’ রিঅ্যাক্ট করা ঠিক আছে। তবে কাউকে হেয় বা বিদ্রুপ করার জন্য এই রিঅ্যাক্টয়ের ব্যবহার ইসলামে সম্পূর্ণ হারাম।

অনুষ্ঠানে ওই মৌলবীর কাছে একজন জানতে চান, কাউকে নিয়ে ঠাট্টা বা হাসাহাসি করা নিয়ে ইসলাম কি বলে? এই প্রশ্নের জবাবে আহমাদুল্লাহ বলেন, কেউ যদি রসিকতা করে, মজা করে বা বিদ্রুপাত্মকভাবে কারও পোস্টে বা ছবিতে তাকে তাচ্ছিল্য করার জন্য ‘হাহা’ রি-অ্যাক্ট দেয় তবে তা ইসলামে হারাম। এটি সম্পূর্ণ নাজায়েজ।

মৌলবী শায়খ আহমাদুল্লাহ বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখেন, আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে বিশ্বাস করেন তারা কোনোভাবে কাউকে বিদ্রুপ করে হাহা দিতে পারেন না।

ইতিমধ্যেই আহমাদুল্লাহর নিদানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে তাকে হতাশ করে দিয়ে তার ওই নিদানের পোস্টে নেটিজেনদের অনেকেই ‘হাহা’ রিঅ্যাক্ট দিয়েছেন।