Wednesday, October 21, 2026
দেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে রুপিতে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য শুরু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে রুপিতে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য শুরু হয়েছে। ভারত থেকে রুপিতে কেনা ৩০টি লরির প্রথম চালান মঙ্গলবার (২৫ জুলাই) বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছেছে। 

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে এক কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের ৩০টি লরি নিয়ে ৪টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

গত ১১ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের ঘোষণা দেয়। বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানি এবং ভারত থেকে আমদানি-উভয় ক্ষেত্রে এখন থেকে মার্কিন ডলারের পাশাপাশি রুপি ব্যবহার করা যাবে। 

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, ‘রুপির মাধ্যমে ভারত থেকে কেনা প্রথম পণ্যের চালান আমদানি হয়েছে। রুপিতে পণ্য আমদানি শুরু হওয়ায় ডলারের ওপর চাপ কমবে।’

বন্দরের ব্যবসায়ীরা বলছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু হওয়ায় দুই দেশের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। রুপিতে বাণিজ্য ইতিবাচক। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। এটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’