Monday, December 15, 2025
Latestরাজ্য​

‘মতুয়াদের নাগরিকত্ব সুরক্ষিত করতে অর্ডিন্যান্স জারি করুন’, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি অধীরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব দিতে সিএএ কার্যকর করা হলেও হয়রানি অব্যাহত। আবেদন করার পরেও নাগরিকত্বের সনদপত্র মিলছে না বলে অভিযোগ। যার ফলে SIR আবহে আতঙ্ক বেড়েছে শরণার্থী হিন্দুদের। এই পরিস্থিতিতে এবার মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব সুরক্ষায় কেন্দ্রের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা অধীর। চিঠিতে মতুয়াদের জন্য অর্ডিন্যান্স জারি করার আবেদন জানান তিনি।

অধীররঞ্জন চৌধুরী চিঠিতে লিখেছেন, ‘ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)-র নথিপত্রের শর্ত বহু মতুয়া পরিবারের কাছে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ভারতে বসবাস করলেও SIR ঘোষণার পর থেকে মতুয়ারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।’

চিঠিতে অধীরবাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের জেরে বহু মতুয়া ভারতে এসে আশ্রয় নিয়েছিল। এরপর থেকে তারা ভারতীয় সমাজ, সংস্কৃতি ও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অথচ এখন তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা মানবিকতার পরিপন্থী।’

অধীরবাবু আরও মনে করিয়ে দেন, ‘বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার নাগরিকদের ক্ষেত্রে কেন্দ্র ইতিমধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) কাট–অফ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে বাড়িয়ে ৩০ ডিসেম্বর ২০২৪ করা হয়েছে। অধীরের মতে, যেহেতু কেন্দ্রীয় সরকার বিশেষ পরিস্থিতিতে এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে, তাই মতুয়া সম্প্রদায়ের ক্ষেত্রেও অর্ডিন্যান্স আনা জরুরি।’

অধীর চৌধুরী সতর্ক করেন, ‘নাগরিকত্বের জটিলতার কারণে বহু মতুয়া পরিবার ভোটাধিকার হারানোর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন, যা সরাসরি গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে। তাই আসন্ন শীতকালীন অধিবেশন শুরুর আগেই মতুয়া সহ পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের নাগরিকত্ব সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।’