EU নেতৃত্বের সঙ্গে ফোনালাপ মোদীর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশেষ আলোচনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে ভারত যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তা স্পষ্ট করে দিল ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লাইনের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আলোচনার পর উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠায় ভারতের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
আলোচনার পর প্রধানমন্ত্রী মোদি এক্সে লেখেন, “ইউরোপীয় ইউনিয়নের দুই নেতার সঙ্গে খুব ভালো আলোচনা হল। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য, আইএমইইসি (IMEEC) করিডর এবং ইউক্রেনে দ্রুত শান্তি ফেরানোর উপায় নিয়ে বিশদে কথা হয়েছে।”
অন্যদিকে উরসুলা ভনও এক্স-এ লিখেছেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভারত যেভাবে যোগাযোগ রাখছে, সেই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। যুদ্ধ থামাতে ও শান্তি ফিরিয়ে আনতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত-ইইউ সম্মেলনের জন্য মোদি দুই নেতাকেই আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
কারণ, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি তিনি চাপ দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নকেও যেন ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ নেয়। কিন্তু ভারত চাইছে ইউরোপের বাজারে আরও বেশি রপ্তানি করে মার্কিন বাণিজ্যিক ঘাটতির প্রভাব সামলাতে।
এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এবং শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে ইউরোপীয় নেতৃত্বের মুখে মোদির প্রশস্তি ট্রাম্প প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


