Wednesday, March 4, 2026
রাজ্য​

কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফি মকুব নিয়ে উপাচার্যদের মতামত চাইলেন শিক্ষামন্ত্রী

কলকাতা: করোনার জেরে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। ক্লাস হচ্ছে অনলাইনে। তাহলে ফি কি পুরোটাই দিতে হবে? সংকটকালে ফি মকুবের দাবি উঠেছে। রাজ্যের নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের (Vice Chancellors of Universities) বৈঠক করলেন। অনলাইনে হওয়া এই বৈঠকে করোনা পরিস্থিতিতে ফি কমানো বা মকুব, অনলাইন ক্লাস, পরীক্ষা ও ফলপ্রকাশ, ছাত্র সংসদের নির্বাচন-সহ ৮টি বিষয়ে উপাচার্যদের মতামত চেয়েছেন তিনি।

জানা গিয়েছে, উপাচার্যদের কাছে সপ্তাহখানেকের মধ্যে এই সমস্ত বিষয় মতামত জানানোর আর্জি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, গত বছর কলেজগুলিতে প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন ফি মকুব করা হয়। বিএড বিশ্ববিদ্যালয় ফিও মকুব করেছিল।

সূত্রের খবর, অতিমারির দাপটে লকডাউন জারি করা হয়েছে। তাই অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন। ৮টি বিষয়ের সবথেকে বেশি জোর দেয়া হয়েছে ফি কমানো বা মকুবের উপর। এ বছর অতিমারির দাপট গত বছরের তুলনায় বেড়েছে। সেক্ষেত্রে ফি কমানো বা মকুবের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়, তা নিয়ে উপাচার্যদের মতামত জানতে চাইলেন শিক্ষামন্ত্রী।

এদিনের বৈঠকে অতিমারি পরিস্থিতিতে অনলাইনে ক্লাস, পরীক্ষার ফল প্রকাশ, অতিথি এবং চুক্তিতে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অবস্থা, বিষয়ভিত্তিক আসন-সংখ্যা, বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ছাত্রছাত্রী ভর্তির পোর্টাল সম্পর্কেও মতামত চাওয়া হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।