Thursday, July 9, 2026
Latestরাজ্য​

তৃণমূলের ৩টি অ্যাকাউন্টের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। অর্থ পাচার মামলায় তৃণমূলের তিনটি অ্যাকাউন্টের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

কলকাতাভিত্তিক সংস্থা ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’-এর মাধ্যমে দলের ১৬০ কোটি টাকা পাচারের যে অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্ত সূত্রেই ইডি এই পদক্ষেপ নিয়েছে।

ইডির দাবি, ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতাদের চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে। তৃণমূলের দলীয় তহবিল থেকে পাওয়া টাকা দিয়েই সংস্থাটি The Embraer Legacy 600 বিমান এবং অগুস্টা হেলিকপ্টার কিনেছিল। পরে সেই বিমান ও হেলিকপ্টারই তৃণমূল নেতাদের ভাড়ায় ব্যবহার করা হয়েছে। 

উল্লেখ্য, এই প্রথম কোনো রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি। তৃণমূল কর্মীরা ব্যক্তিগত সম্পদ তৈরি করতে শেল কোম্পানির মাধ্যমে তহবিল পাচার করেছে কিনা তদন্ত করে দেখছে ইডি। সূত্রের খবর, ইডি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে।