Monday, April 27, 2026
Latestরাজ্য​

UP IPS Ajay Pal Sharma: ডায়মন্ড হারবারে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট IPS অজয় পাল শর্মা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে বড় চমক দিল নির্বাচন কমিশন। শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেই থেমে থাকছে না কমিশন, বরং আইনশৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে বিশেষ পদক্ষেপ হিসেবে উত্তরপ্রদেশ থেকে কড়া মেজাজের আইপিএস অফিসার অজয় পাল শর্মা-কে আনা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় তাঁকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের মহলে তিনি ‘সিংহম’ নামেই বেশি পরিচিত।

২৩ এপ্রিল প্রথম দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ হলেও, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটকে ঘিরে উদ্বেগ বাড়ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোটগ্রহণের দিনই কার্যত কমিশনের বড় পরীক্ষা। এই দফার অন্যতম স্পর্শকাতর জেলা দক্ষিণ ২৪ পরগনা—যা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক ঘাঁটি হিসেবেও পরিচিত।

ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ, বাসন্তীর মতো একাধিক এলাকায় অতীতে রাজনৈতিক সংঘর্ষের নজির রয়েছে। ফলে ভোটের আগে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ১১ জন নতুন পুলিশ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে, যার শীর্ষে রয়েছেন অজয় পাল শর্মা। কমিশনের এই পদক্ষেপকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

২০১১ ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অজয় পাল শর্মার জীবনপথও যথেষ্ট ব্যতিক্রমী। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা তিনি প্রথমে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। পাটিয়ালার সরকারি মেডিক্যাল কলেজ থেকে ডেন্টাল সার্জারিতে পাশ করার পর চিকিৎসা পেশা ছেড়ে পুলিশে যোগ দেন।

বর্তমানে প্রয়াগরাজে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। অপরাধ দমনে তাঁর কড়া অবস্থান এবং একাধিক এনকাউন্টার অভিযানের জন্য ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে তাঁর পরিচিতি তৈরি হয়েছে।

নির্বাচনের আগে এমন এক ‘কঠোর’ অফিসারকে স্পর্শকাতর জেলায় দায়িত্ব দেওয়া কমিশনের কৌশলগত পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এর মাধ্যমে ভোটের দিন সম্ভাব্য অশান্তি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাইছে কমিশন। এখন দেখার, দ্বিতীয় দফার ভোটে এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলতে পারে।