Friday, April 10, 2026
দেশ

উত্তর প্রদেশে এনকাউন্টারে খতম আরও দুই কুখ্যাত গ্যাংস্টার

লখনউ: কুখ্যাত গ্যাংস্টার বদন সিং (Badan Singh) ও তাঁর এক সঙ্গীকে এনকাউন্টারেন খতম করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে আগ্রার জাগনার এলাকায় পুলিশের সাথে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। গত সপ্তাহে এক ডাক্তারকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন বদন সিং। বদন সিংকে ধরতে পুলিশ তার মাথার দাম এক লাখ টাকা ধার্য করেছিল।

জানা যায়, ডঃ উমাকান্ত গুপ্তাকে (Dr Umakant Gupta) হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় অপহরণ করেছিল বদন সিং-সহ চারজন। ওই চিকিৎসক বাড়ি না পৌঁছানোয় পুলিশকে খবর দেন তাঁর স্ত্রী। উমাকান্ত গুপ্তাকে অপহরণ করে মধ্য প্রদেশে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। অপহরণের তিন ঘণ্টার মধ্যেই পুলিশ ওই চিকিৎসককে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করেছিল। এরপর থেকেই বদন সিংয়ের খোঁজ চালাচ্ছিল পুলিশ।

ইন্সপেক্টর নবীন অরোরা জানান, আগ্রা-রাজস্থান সীমান্তে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখন বাইকে থাকা দু’জনকে থামায় পুলিশ। তবে বাইক আরোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। তখনই পুলিশের সাথে গুলি বিনিময় হয়। সংঘর্ষে নিহত হন বদন সিং ও তাঁর এক সঙ্গী।

আগ্রার সিনিয়র পুলিশ সুপার জি মনিরাজ জানান, দু’জনকে গুলিবদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের একজনের নাম বদন সিং এবং অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

রাজস্থানের বাসিন্দা বদন সিংর মাথার দাম এক লাখ টাকা ধার্য করা ছিল। পুলিশ জানিয়েছে, বদন সিং একজন পেশাদার অপরাধী ছিলেন এবং অপহরণ-সহ বিভিন্ন জঘন্য অপরাধের সাথে যুক্ত ছিলেন তিনি।