অসুস্থ ভাইপোকে দেখতে আচমকাই SSKM-এ মুখ্যমন্ত্রী মমতা
কলকাতা: অসুস্থ ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে জ্বরে শয্যাশায়ী মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র আবেশ। SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার নবান্ন থেকে ফেরার পথে ভাইপোকে দেখতে আচমকাই SSKM-এ যান মমতা।
জানা গেছে, এদিন সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে আবেশের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। বেশ কিছুক্ষণ থাকার পর বেরিয়ে যান তিনি।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত ভালো আছেন মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ। চিন্তার তেমন কোনো কারণ নেই। ডাঃ সোমনাথ কুণ্ডু ও ডাঃ সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে রয়েছে সে।
উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা। বিজেপি বিরোধী ১৮টি দলের সাথে বৈঠক করতে আগ্রহী মমতা। এবারের সফরে বৈঠক করতে পারেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, শরদ পাওয়ার-সহ একাধিক বিরোধী নেতার সাথে।


