Friday, April 10, 2026
দেশ

অত্যাধুনিক আকাশ মিসাইলের সফল উৎক্ষেপণ করল DRDO

ভুবনেশ্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। বুধবার ওড়িশা উপকূলে আকাশ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল। ভূমি থেকে বায়ুতে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি।

আকাশ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালে স্থলসেনা ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় আকাশ মিসাইল। এই ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের মতোই সুপারসনিক। এর সর্বোচ্চ গতি হল ২.৫ ম্যাক (৩০৮৭ কিলোমিটার প্রতি ঘণ্টায়)।


আকাশ মিসাইল ২৫ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। ৬০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল নিমেষেই ধ্বংস করতে সক্ষম।

২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটের বৈঠকে অস্ত্র রপ্তানিতে সম্মতি দেন। অস্ত্র রপ্তানির মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৬ হাজার কোটি) আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করেছে সরকার। চিনকে চাপে রাখতে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার কাছে আকাশ মিসাইল বিক্রির পরিকল্পনা ভারতের।