নয়া বিশ্বরেকর্ড গড়তে চলেছে অযোধ্যা, দীপাবলিতে ২৬ লাখ প্রদীপে সেজে উঠবে রামনগরী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে রামনগরী অযোধ্যা। দীপাবলি উপলক্ষে শুরু হচ্ছে মহোৎসব ‘দীপোৎসব ২০২৫’। রবিবার থেকেই সরযূ নদীর তীরে শুরু হবে এই ঐতিহ্যবাহী উৎসব, যেখানে লাখ লাখ প্রদীপের আলোয় সেজে উঠবে গোটা অযোধ্যা।
উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এ বছর মোট ২৬ লাখ ১১ হাজার ১০১টি প্রদীপ প্রজ্বলিত হবে সরযূ নদীর ধারে অবস্থিত ৫৬টি ঘাটে (রাম কি পাড়ি)। গত বছরের রেকর্ডকে পিছনে ফেলে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হতে চলেছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “২৬ লাখের বেশি প্রদীপের আলো রামনগরীর গৌরব ও ভক্তির প্রতীক হবে। এটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভারতের ঐতিহ্যের এক দীপ্ত উদযাপন।”
উৎসবে অংশ নিচ্ছেন অযোধ্যার হাজারো ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবক। জানা গেছে, ১০ হাজারেরও বেশি মানুষ এই বিশাল আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দলে দলে প্রদীপ সাজানো, তেল ভরার ও প্রজ্বলনের কাজে অংশ নিচ্ছেন। প্রতিটি প্রদীপ নির্দিষ্ট বিন্যাসে সাজানো হচ্ছে, যাতে সন্ধ্যা নামতেই একসঙ্গে আলোকোজ্জ্বল হয়ে ওঠে গোটা সরযূ তীর।
তবে দীপোৎসব এবার শুধু আলোয় নয়, প্রযুক্তির জৌলুসেও ভরপুর। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ১১০০টি ড্রোন আকাশে তুলে ধরবে রামায়ণের বিভিন্ন অধ্যায়—রাম, সীতা ও হনুমানের চিত্র, মৃতসঞ্জীবনী গাছ আনতে হনুমানের গন্ধমাদন পর্বত উত্তোলনের দৃশ্য, রাম সেতু নির্মাণ, নবনির্মিত রাম মন্দিরের আকাশচিত্রও ফুটিয়ে তোলা হবে এই প্রদর্শনীতে।
উৎসবের থিম ‘ত্রেতা যুগ থেকে নব অযোধ্যা’—যেখানে আলো, সংগীত ও প্রযুক্তির সংমিশ্রণে তুলে ধরা হবে প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্য ও আধুনিক ভারতের প্রতীকী মিলন।


