টার্গেট ২০২৪, আজ বিকালে মুখোমুখি মমতা-সোনিয়া
নয়াদিল্লি: লক্ষ্য ২০২৪ সালের লোকসভা ভোট। নির্বাচনী রণনীতি প্রস্তুত করতে বুধবার বিকাল সাড়ে ৪ টায় বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে উৎখাত করতে বৈঠকে বসতে চলেছেন তাঁরা। তৃণমূল- কংগ্রেস আসন্ন লোকসভা ভোটে জোট করে লড়াই করবে কিনা সেই সিদ্ধান্ত আজকের বৈঠকে উঠে আসতে পারে। গোটা দেশ আজ মমতা- সোনিয়া বৈঠকের দিকে তাঁকিয়ে।
শেষ বার মমতা- সোনিয়া ভার্চুয়ালি বৈঠক করেছিলেন। ২০২০ সালে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা বাতিল নিয়ে। সরাসরি সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালের ১ আগষ্ট মাসে। ওই দিন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতায় ব্রিগেডে জনসভায় আমন্ত্রণ জানাতে ওইদিন ১০ জনপথে গিয়েছিলেন তৃণমূল নেত্রী।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর পর কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে মমতাকেই অন্যতম বিরোধী মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিজেপিকে ভারত ছাড়া করায় হুঁশিয়ারি দিয়েছেন। এজন্য তিনি বিজেপি বিরোধী ১৮টি দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।
কংগ্রেস, এসপি, এনসিপি, ডিএমকে-সহ বেশ কয়েকটি দল জাতীয় পর্যায়ে বিরোধী ‘মুখ’ হিসেবে মমতাকে পাশে চেয়েছেন। বুধবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়াল যিনি দিল্লিতে বিজেপিকে রুখে দিয়েছেন। তাই মমতা- কেজরিওয়াল এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

