মোদী-ভাগবত বৈঠকে চূড়ান্ত হবে বিজেপির নতুন সভাপতির নাম?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একই দিনে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
নাগপুরে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্রের খবর, এই বৈঠকেই বিজেপির নতুন সভাপতি পদের জন্য চূড়ান্ত নাম নির্ধারণ করা হতে পারে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা কিছুদিন পরেই করা হবে।
বর্তমান বিজেপি সভাপতি জেপি নাড্ডার কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। এরই মধ্যে তিনি আগামী ১০ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন, যেখানে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি এবং অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। বিজেপি সূত্রের খবর, এই বৈঠক মূলত নাড্ডার বিদায়ী বক্তব্যের জন্য আয়োজিত হচ্ছে। এরপর ১৫ এপ্রিলের মধ্যেই বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে।
বিজেপির নতুন সভাপতি নির্বাচনের এই প্রক্রিয়া দলীয় রাজনীতিতে নতুন দিকনির্দেশনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। আগামি লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কেমন কৌশল গ্রহণ করবে এবং নতুন সভাপতি কীভাবে দলকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে।


