বসিরহাটে পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত ২ তৃণমূল কর্মী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটে উত্তেজনা ছড়াল। ভোটের প্রাক্কালে হিংসার অভিযোগকে কেন্দ্র করে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের দুই কর্মীকে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হেমনগর থানা এলাকায়, যা ইতিমধ্যেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সন্তোষ জোতদার ও সঞ্জীব জোতদার। অভিযোগ, হেমনগর বাজার মোড়ে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছিল এবং ভোটারদের মারধরের ঘটনাও সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
অভিযোগ অনুযায়ী, পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শেষ পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আগেও দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, পূর্বে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সক্রিয় হতে বলা হয়েছিল। সেই অনুযায়ী সন্দেহভাজনদের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছিল। যদিও পরবর্তীতে আদালতের তরফে সেই গ্রেফতারি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়।
তবুও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই একাধিক স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে।
অন্যদিকে, ডায়মন্ড হারবার থেকে বসিরহাট পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের মুখে এই ধরনের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।


