Tuesday, April 28, 2026
Latestরাজ্য​

বাংলা আবাস যোজনায় ঘুষ চাওয়ার অভিযোগ পঞ্চায়েতের ২ কর্মীর বিরুদ্ধে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ‘বাংলা আবাস যোজনা’ ঘিরে ঘুষ চাওয়ার গুরুতর অভিযোগ উঠল পঞ্চায়েতের দুই কর্মীর বিরুদ্ধে। সোমবার কুমারগঞ্জ ব্লক অফিসে গিয়ে জয়েন্ট বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সমজিয়া পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার এক পরিযায়ী শ্রমিকের পরিবার।

অভিযোগকারী গৃহবধূ বিউটি বেগম জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে পরিবারের সকলকে নিয়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সম্প্রতি সরকারি আবাস যোজনায় আবেদন করার পর তাঁর নামে একটি বাড়ি বরাদ্দ হয়। তালিকায় নাম ওঠার পর প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমাও পড়ে।

কিন্তু অভিযোগ, সেই টাকা পাওয়ার পর থেকেই পঞ্চায়েতের দুই কর্মী—তন্ময় বসাক ও সহিদুল মোল্লা—বারবার তাঁর কাছে ঘুষ দাবি করতে থাকেন। বিউটি বেগমের দাবি, মোট ৩০ হাজার টাকা (দু’দফায় ১৫ হাজার করে) দিতে বলা হয়। ফোন করে একাধিকবার চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তাঁর।

এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার কারণে প্রথম কিস্তির টাকা তুলতেও পারছেন না বলে জানান তিনি। ফলে আবাস যোজনার ঘর তৈরির কাজও শুরু করা সম্ভব হয়নি।

বিউটি বেগম বলেন, “আমরা বহুদিন ধরে ভিনরাজ্যে কাজ করি। আমাদের কৃষ্ণপুরের বাড়ি বসবাসের অযোগ্য। ভোট দিতে কয়েকদিন আগে গ্রামে ফিরেছি। কিন্তু অ্যাকাউন্ট লক থাকায় ঘরের কাজ শুরু করতে পারছি না।”

তিনি আরও জানান, বিষয়টি পঞ্চায়েত প্রধানসহ একাধিক জায়গায় জানানো হলেও কোনও সুরাহা হয়নি। শেষপর্যন্ত বাধ্য হয়ে ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি সেই ফোন নম্বরগুলিও উল্লেখ করেছেন, যেগুলি থেকে ঘুষ চাওয়া হচ্ছিল বলে দাবি।

প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হতে পারে বলে ব্লক সূত্রে ইঙ্গিত মিলেছে।