Tuesday, February 10, 2026
দেশ

অসমে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার পথে মহিলাকে গণধর্ষণ

গুয়াহাটি: করোনার কঠিন পরিস্থিতিতেও থেমে নেই ন্যাক্কারজনক ঘটনা। এবার এমন একটি ঘটনা সামনে এল যা নাড়িয়ে দিল গোটা দেশকে। করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার পথে এক মহিলাকে গণধর্ষণের ঘটনা ঘটলো।

জানা গিয়েছে, করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর হাসপাতালে থাকতে দিতে চায়নি কর্তৃপক্ষ। তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য কোনো অ্যাম্বুল্যান্স পাননি সদ্য করোনামুক্ত ওই মহিলা। তাই বাধ্য হয়ে ২৫ কিলোমিটার রাস্তা হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তবে হেঁটে বাড়ি ফেরার পথেই ঘটলো বিপত্তি। পথেই গণধর্ষণ করা হলো তাঁকে। অসমের চরাইদেওতে ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে।

নির্যাতিতার মেয়ে জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁদের পরিবারের সবাই করোনা আক্রান্ত হন। তাঁরা বাড়িতে আইসোলেশনে ছিলেন। তবে মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭ মে তাঁর মায়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে রিপোর্ট আসতে বেশ রাত হয়ে যায়।

নির্যাতিতার মেয়ে জানিয়েছেন, করোনামুক্ত হওয়া মাত্রই হাসপাতাল ছাড়তে বলা হয় তাঁদের। বাড়ি পৌঁছতে অ্যাম্বুল্যান্স দেওয়ার দাবি জানান তাঁরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, অ্যাম্বুল্যান্স পাওয়া যাবে না। এক পর্যায়ে মাকে নিয়ে হেটে বাড়ি ফিরতে বাধ্য হয় ওই তরুণী। অভিযোগ, পথে দুই যুবক ধাওয়া করে তাঁদের। সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ ২১ কিলোমিটার পথ পেরিয়ে যাওয়ার চা বাগানের কাছে মেয়ের চোখের সামনে মাকে অপহরণ করে নিয়ে যায় ওই দুই যুবক।

অসহায় তরুণী চিৎকার করতে শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা জমায়েত হন। শুরু হয় অপহৃত নারীর খোঁজ। তবে তাঁকে পাওয়া যায়নি। ঘণ্টাদুয়েক পর ওই নারী নিজে নিজেই বাড়িতে ফেরেন। গণধর্ষিত হয়েছেন বলে জানান।

পরে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনাটি খতিয়ে দেখার কথা বলেছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেন, করোনামুক্ত হওয়ার পর রোগীর অ্যাম্বুল্যান্স পাওয়ার কথা। কিন্তু তা সত্ত্বেও কেন ওই নারী অ্যাম্বুল্যান্স পেলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। – Indian Express

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।