মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক
কলকাতা: একুশের বিধানসভা ভোটে বিজেপির হারের পরে মুকুল রায়কে রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে সেই সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি নিজেই। সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপিতে আছেন। তবে তাতেও থামেনি জল্পনা। এর মধ্যেই মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার সন্ধ্যায় অভিষেক যখন কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে পৌঁছন, তখন হাসপাতালে উপস্থিত ছিলেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়ও। তাঁদের সঙ্গে অভিষেকের বেশ কিছুক্ষণ কথা হয়। জানা গিয়েছে, শুভ্রাংশুর সঙ্গে অভিষেক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
তৃণমূলের তরফে এটাকে নিছক সৌজন্য বলা হয়েছে। কিন্তু মকুলজায়ার শারীরিক অবস্থা নিয়ে অভিষেকের সফর ঘিরে ফের রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন মুকুল রায় ও তাঁর স্ত্রী। দু’জনেই হাসপাতালে ভর্তি হন। মুকুল রায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো চিকিৎসাধীন তাঁর স্ত্রী।
প্রসঙ্গত, সম্প্রতি মুকুলপুত্র শুভ্রাংশুর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছে। দলীয় নেতৃত্বের সমালোচনা করে শুভ্রাংশু লিখেছেন, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের সমালোচনার আগে আত্মসমালোচনা প্রয়োজন। এরপরেই জল্পনা ছড়ায় তাহলে কি তৃণমূলে ফিরতে চলেছেন শুভ্রাংশু? এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন মুকুল পুত্র।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

