Friday, November 20, 2026
Latestআন্তর্জাতিক

ফের উত্তাল বাংলাদেশ, দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ, নিহত অন্তত ৪

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার বাংলাদেশে দেশজুড়ে সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতাও রয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের আগে বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে হিংসা। একাধিক জায়গায় কাঁচা বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং রাস্তায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি সিলেট, রাজশাহী, বরিশাল এবং ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলীয় নড়াইল জেলায় একটি পদযাত্রায় আওয়ামী লীগ কর্মীরা হামলা চালালে বিএনপির দুই নেতার মৃত্যু হয়। দেশজুড়ে উত্তেজনা ও হিংসার জেরে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

বৃহস্পতিবারের বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশজুড়ে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই বিক্ষোভের সঙ্গে যুক্ত রয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনালের রায়ের প্রথম বর্ষপূর্তি। গত বছর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছাত্র নেতৃত্বাধীন জুলাই আন্দোলন দমনের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল ওই ট্রাইব্যুনাল।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার মধ্যরাতে তাঁর বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ রয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তকারীরা অডিও ও ভিডিও প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করবেন।

গত দু’দিনে বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলার মধ্যে ২৮টিতে কয়েক ডজন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ এবং ‘পতিত, পরাজিত ও ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি’ বলে আক্রমণ করেন। একই সঙ্গে এই শক্তিকে চূড়ান্তভাবে পরাস্ত করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “২০২৪ সালে যেভাবে আমরা স্বৈরাচারী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম, সেই চেতনায় আবারও ঐক্যবদ্ধ হতে হবে। নিশ্চিত করতে হবে, ওই শক্তি যেন চূড়ান্তভাবে পরাজিত হয়।”

এর একদিন আগেও দেশের তথাকথিত ‘গণতান্ত্রিক শক্তিগুলিকে’ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ যাতে ফের রাজনীতিতে ফিরে আসতে না পারে, তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

পাশাপাশি বিএনপির সাংসদদের শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর না করে নিজেদের নির্বাচনী এলাকায় ফিরে যাওয়ার এবং রাস্তায় নেমে দলের কর্মীদের সংগঠিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।