প্রেম-টাকার লোভে রেললাইনে বিস্ফোরণকাণ্ডে পাকিস্তানের সঙ্গে যোগসূত্র, গ্রেফতার ২
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাব থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ২১ বছর বয়সি মহকদীপ কৌর এবং ২২ বছর বয়সি দেবিন্দর সিং।
রাজস্থান অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS), শ্রীগঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংপুরের কাছে একটি রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে ধৃত দু’জনের পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সূত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মহাকদীপ কৌর পাকিস্তানে বসবাসকারী দুই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাদের মধ্যে একজন ‘চাচা’ এবং অন্যজন ‘শাহ’ নামে পরিচিত ছিল। প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে এবং আর্থিক সাহায্যের মাধ্যমে তারা মহাকদীপকে নিজেদের ফাঁদে ফেলেছিল। পুলিশের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) বর্তমানে এই ধরনের কৌশল ব্যবহার করে ভারতীয়দের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এর আগে গঙ্গানগরের বাসিন্দা বাবিতা নামে এক মহিলাকেও একই পদ্ধতিতে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছিল আইএসআইয়ের বিরুদ্ধে।
মহাকদীপ তার স্বামীর থেকে আলাদা থাকতেন। মাদক পাচার সংক্রান্ত মামলায় তার স্বামী বর্তমানে জেলে রয়েছেন।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য মহাকদীপকে টাকা দেওয়া হয়েছিল। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও আরও তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, অভিযুক্তদের থাকার জায়গা, মোটরসাইকেল এবং ঘটনাস্থলে পৌঁছনোর জন্য যাতায়াতের ব্যবস্থা করে দিয়ে তারা এই অপরাধে সাহায্য করেছিল।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার রামসিংহপুরের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়, ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয়।
বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে ওই একই রেললাইন দিয়ে অনুপগড়-সুরতগড় যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। ফলে বড়সড় রেল দুর্ঘটনা ঘটতে পারতো।

