বীরভূমে এনকাউন্টারে খতম ৩০টিরও বেশি মামলার অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর ৫ মাসে পশ্চিমবঙ্গে ৫টি এনকাউন্টার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ৫ মাসে পশ্চিমবঙ্গে ৫টি পুলিশি এনকাউন্টারের ঘটনা ঘটলো। রবিবার বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে পুলিশের গুলিতে নিহত হয়েছে রতন শেখ নামে এক অপরাধী। তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল রতন শেখের বিরুদ্ধে। ওই ঘটনায় গুরুতর জখম হন বিশ্বজিৎ। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। বিভিন্ন মামলায় জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল রতন।
গত ৯ নভেম্বর উত্তর দিনাজপুরে পশ্চিমবঙ্গ-বিহার সীমান্তের কাছে পুলিশের এনকাউন্টারে নিহত হয় ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত দিলীপ রায়।
গত ৩ নভেম্বর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। দু’দিন পর কুলিক নদীর কাছে একটি জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, গণধর্ষণের পর খুন করা হয়েছে তাকে। চার দিন ধরে তল্লাশি চালিয়ে দিলীপ রায়কে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। শেষ পর্যন্ত এনকাউন্টারে তার মৃত্যু হয়।
এর আগে গত ৮ জুলাই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, সে এক পুলিশ আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এরপর পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।
গত ২৭ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় পুলিশের এনকাউন্টারে নিহত হয় ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত ২৩ বছর বয়সি প্রহ্লাদ দাস। পুলিশের দাবি, গভীর রাতে অপরাধের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার সময় সে এক আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।
একই দিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের মামলায় অভিযুক্ত ৪৬ বছর বয়সি সামিউল শেখ পুলিশের এনকাউন্টারে নিহত হয়। পুলিশের দাবি, এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই তাকে গুলি করা হয়।
এদিকে, গত ৯ নভেম্বর উত্তর দিনাজপুরের এনকাউন্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হলে পুলিশের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের জবাবে তিনি বলেন, “কেউ যদি পুলিশের উপর হামলার চেষ্টা করে, তাহলে পুলিশ কি তার দিকে রসগোল্লা ছুড়বে? বন্দুক কি পকেটে রাখার জন্য পুলিশের কাজ? পুলিশ আইন মেনেই ব্যবস্থা নিয়েছে। পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশ যা করার প্রয়োজন ছিল, তাই করেছে।”

