পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত এই ফাইনালে ভারতের জয়ের নায়ক হয়ে উঠলেন মহিত উলভা ও মানাল চৌহান। কার্যত হারতে বসা ম্যাচে নবম উইকেটে তাঁদের ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেয়।
ভারতের হয়ে অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি ৮০ রান এবং আর্যবীর সেহওয়াগ ৫৮ রান করে দলকে ভালো শুরু এনে দেন। কিন্তু পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। অর্জুন রাজপুত ১৬, ভি কে বিনীত ২৪, যশবর্ধন চৌহান ৯ এবং অন্বয় দ্রাবিড় ১৯ রান করে আউট হন। অন্বয় রান আউট হওয়ার পর ভারতের জয়ের আশা কার্যত ক্ষীণ হয়ে পড়েছিল।
সেই পরিস্থিতিতে মহিত উলভা ও মানাল চৌহান দুর্দান্ত লড়াই চালিয়ে যান। নবম উইকেটে তাঁদের ৫৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাশাপাশি চিগুরুপতি ভেঙ্কটের গুরুত্বপূর্ণ ১১ রানও ভারতের জয়ে বড় ভূমিকা নেয়। শেষ পর্যন্ত ১ উইকেটে জয় তুলে নিয়ে এশিয়া কাপের ট্রফি নিজেদের দখলে করে ভারত।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে। পাকিস্তানের হয়ে দুর্দান্ত শতরান করেন উসমান খান। তিনি ১০৬ বলে ১০৭ রান করেন। এছাড়া আবদুল কাদির ৫৪ বলে ৮০ রান এবং অধিনায়ক ফারহান ইউসুফ ৬৩ বলে ৬০ রান করেন।
উসমান খান ও হায়াম খান প্রথম উইকেটে মাত্র ৮.১ ওভারে ৬২ রান যোগ করেন। এরপর উসমান ও আবদুল কাদিরের জুটি থেকে আসে ১৩৫ রান। মাত্র ১৮ ওভারে এই রান তুলে ভারতীয় বোলারদের চাপে ফেলে দেয় পাকিস্তান।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন কাব্য প্যাটেল। তিনি ৬৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। চিগুরুপতি ভেঙ্কট পান ৩টি উইকেট।
উল্লেখ্য, গত বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেবার জয় পেয়েছিল পাকিস্তান। তবে এবার শেষ মুহূর্তের অসাধারণ লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সেই হারের বদলা নিল ভারতের তরুণ ক্রিকেটাররা।

