Sunday, November 15, 2026
Latestদেশ

২ বছরের মধ্যে আকাশে উড়বে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যাত্রীবাহী বিমান: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অসামরিক বিমান (Civil Aircraft) আকাশে উড়বে বলে জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু।

আজ বিশাখাপত্তনমে আয়োজিত ৩১তম CII পার্টনারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ‘২০১৪ সালে ভারতে বিমানবন্দরের সংখ্যা ছিল ৭৪। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬-তে।’

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু বলেন, উড়ান (UDAN) প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে বিমান পরিষেবা। এর ফলে দেশে বার্ষিক বিমানযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটিতে। উড়ান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩০ হাজার কোটি টাকার বাজেটে ২০৩৬ সালের মধ্যে দেশে আরও ১০০টি বিমানবন্দর এবং ২০০টি আধুনিক হেলিপোর্ট তৈরি করা হবে।

বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য ডিজি যাত্রার (Digi Yatra) মতো আধুনিক প্রযুক্তি চালু হওয়ায় প্রবেশের সময় ৯০ সেকেন্ড থেকে কমে ২০ সেকেন্ড হয়েছে বলেও জানান তিনি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে রাজ্যের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে দ্রুত উন্নতির প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ভোগাপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি, অনন্তপুর জেলার লেপাক্ষীর কাছে অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স সিটি গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

এছাড়াও অন্ধ্রপ্রদেশের প্রকাশম ব্যারেজ, শ্রীশৈলম এবং হায়দরাবাদের হুসেন সাগরের মধ্যে সি-প্লেন পরিষেবা চালুর পরিকল্পনা তৈরি হচ্ছে বলে জানান তিনি।

বিমান তৈরির যন্ত্রাংশ উৎপাদন, বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতি (MRO), ড্রোন এবং এয়ার ট্যাক্সি (eVTOL) ক্ষেত্রে বিনিয়োগের জন্য শিল্পমহল ও তরুণ উদ্যোগপতিদের আহ্বান জানান রামমোহন নাইডু। তাঁর মতে, এই ক্ষেত্রগুলিতে বিনিয়োগের জন্য এটাই উপযুক্ত সময়।

অন্ধ্রপ্রদেশে ৯.৮৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা

অন্যদিকে, চলতি CII পার্টনারশিপ সামিটে অন্ধ্রপ্রদেশে ৩০৩টি সমঝোতাপত্র (MoU) চূড়ান্ত করতে চলেছে রাজ্য সরকার। এই চুক্তিগুলির মাধ্যমে ৯.৮৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

এই সমঝোতাপত্রগুলি স্বাক্ষরিত হলে গত আড়াই বছরে অন্ধ্রপ্রদেশে মোট বিনিয়োগের প্রতিশ্রুতির পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩২.৪৯ লক্ষ কোটি টাকা।