কলকাতায় ২,৮০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রিয়েল এস্টেট সংস্থা সুগামের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতার আবাসন বাজারে বড়সড় বিনিয়োগের পরিকল্পনা করেছে রিয়েল এস্টেট সংস্থা সুগাম (Sugam)। ২০২৬-২৭ অর্থবর্ষে (FY27) কলকাতায় তিনটি নতুন আবাসন প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। সব মিলিয়ে প্রায় ৫৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এই প্রকল্পগুলি গড়ে উঠবে। প্রকল্পগুলিতে মোট বিনিয়োগের পরিমাণ ২,৮০০ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে সংস্থা।
এই তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে একটি অতি বিলাসবহুল নদীতীরবর্তী ভিলা প্রকল্প, যার সঙ্গে পাঁচতারা হোটেল তৈরির পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি আরও দুটি আবাসন প্রকল্পে অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে। জমি অধিগ্রহণের জন্য আনুমানিক ৩৫০ কোটি টাকা খরচ হতে পারে।
২০২৬-২৭ অর্থবর্ষে সংস্থার বিক্রির লক্ষ্যমাত্রা ৭৫০ থেকে ৮০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে সংস্থার বিক্রির পরিমাণ ছিল প্রায় ৩৭৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের মধ্যে বিক্রির পরিমাণ দ্বিগুণেরও বেশি করার লক্ষ্যমাত্রা নিয়েছে সুগাম। একই সঙ্গে ২০ শতাংশ মুনাফার হার বজায় রাখার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে কলকাতায় সুগামের ১০টি আবাসন প্রকল্প নির্মাণাধীন রয়েছে। এই প্রকল্পগুলির মোট নির্মাণ এলাকা প্রায় ৫৫ লক্ষ বর্গফুট এবং সম্ভাব্য বিক্রয়মূল্য ৩,২৭৯ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবর্ষে ৪০০ থেকে ৪৫০টি আবাসিক ইউনিট-সহ তিনটি প্রকল্পের নির্মাণকাজ সম্পূর্ণ করার আশা করছে সংস্থা।
বিশেষ করে নদীতীরবর্তী অতি বিলাসবহুল ভিলা প্রকল্পটির মাধ্যমে কলকাতার উচ্চবিত্ত আবাসন বাজারে ক্রেতাদের চাহিদা কতটা, তা যাচাই করতে চাইছে সুগাম।

