Sunday, November 15, 2026
Latestআন্তর্জাতিক

অনলাইনে অন্তত ৭০ জন নাবালিকাকে ফাঁদে ফেলে যৌন নির্যাতন, ব্রিটেনে ৩০ বছরের কারাদণ্ড ভারতীয় পড়ুয়া বিলাল কাজির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অনলাইনে অন্তত ৭০ জন নাবালিকাকে প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে যৌন নিগ্রহের শিকার করার অভিযোগে এক ভারতীয় পড়ুয়াকে ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটেনের আদালত। অভিযুক্তের নাম বিলাল কাজি (২৭)। সে চেস্টার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিল।

২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত স্ন্যাপচ্যাট (Snapchat), উইঙ্ক (Wink) এবং রোবলক্সের (Roblox) মতো বিভিন্ন অ্যাপের মাধ্যমে ১০ থেকে ১৭ বছর বয়সি মেয়েদের নিশানা করত বিলাল। নিজেকে ১৪ বছর বয়সি শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিয়ে ‘রিস’ (Reece) নামে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করত সে। এরপর কিশোরীদের বিশ্বাস করাত যে, তাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

আদালতে ৩৭টি অভিযোগে দোষ স্বীকার করার পর তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে নাবালিকাদের অশালীন ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করা, ব্ল্যাকমেল এবং শিশুদের যৌন কার্যকলাপে প্ররোচিত করার মতো গুরুতর অভিযোগ ছিল। অন্তত ২০ বছর কারাগারে কাটানোর পর প্যারোলে মুক্তির আবেদন করার সুযোগ পাবে সে। পাশাপাশি, আজীবন যৌন অপরাধীদের তালিকায় তার নাম থাকবে। প্যারোলে মুক্তি পেলে আট বছর বিশেষ শর্তাধীন নজরদারিতে থাকতে হবে।

আদালতে এক নির্যাতিতার বয়ান পড়ে শোনানো হয়। ওই কিশোরী জানায়, বিলাল তার ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তাবোধ সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এখনও সে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। তার কথায়, অতীতের ঘটনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও সেই নির্যাতনের প্রভাব প্রতিদিনের জীবনে এখনও রয়েছে।

আদালত জানতে পারে, এই ঘটনার জেরে কয়েকজন নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করেছে। অনেকে উদ্বেগজনিত সমস্যায় ভুগছে এবং কারও কারও মধ্যে খাদ্যাভ্যাসজনিত অসুস্থতা (Eating Disorder) তৈরি হয়েছে। বিলাল যখন এক কিশোরীর সঙ্গে প্রথম যোগাযোগ করে, তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। ওই নির্যাতিতা আদালতে জানায়, বিলাল তার শৈশবের নিষ্পাপ অনুভূতিগুলো কেড়ে নিয়েছে।

তদন্তে উঠে আসে, প্রথমে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তুলত বিলাল। এরপর ধীরে ধীরে তাদের কাছে আরও ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিও চাইত। কেউ ছবি পাঠাতে আপত্তি জানালে বলত, ভালোবাসার সম্পর্কে এসব স্বাভাবিক বিষয়। তাতেও রাজি না হলে আগে পাঠানো ছবি ও ভিডিও বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত।

কিছু ক্ষেত্রে নির্যাতিতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তাদের পরিচিতদের কাছে আপত্তিকর ছবি পাঠানো এবং সোশ্যাল মিডিয়ায় সেগুলি প্রকাশ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকী, স্ন্যাপচ্যাটের মাধ্যমে গোপনে ছবি ও ভিডিও রেকর্ড করত বলেও আদালতে জানানো হয়েছে।

২০২১ সালের ডিসেম্বর মাসে এক নির্যাতিতা ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়। ওই কিশোরী জানিয়েছিল, ১৩ বছর বয়সে স্ন্যাপচ্যাটে বিলালের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সে বিশ্বাস করেছিল, বিলালও তারই সমবয়সি।

২০২২ সালের মে মাসে তদন্তের দায়িত্ব নেয় চেশায়ার পুলিশ। প্রাথমিক তদন্তে প্রায় ১৮০ জন সম্ভাব্য নির্যাতিতার সন্ধান পাওয়া যায়। এর মধ্যে বিলাল চেস্টার ও বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যায়। পরে ২০২৩ সালের ২১ জুলাই হিথরো বিমানবন্দরে বিদেশ থেকে ব্রিটেনে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে ৩৯টি অভিযোগ আনা হয়। ২০২৬ সালের জুলাই মাসে ৩৭টি অভিযোগে দোষ স্বীকার করে সে। বাকি দুটি অভিযোগ আদালতের নথিতে রেখে দেওয়া হয়। এ ছাড়াও, চেশায়ার পুলিশের তদন্ত চলাকালীন জামিনে থাকা অবস্থায় আরও আটটি অপরাধের অভিযোগে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের কাছেও তার বিরুদ্ধে মামলা ছিল। সেই অপরাধগুলিও সামগ্রিক সাজা নির্ধারণের সময় বিবেচনা করা হয়েছে।

‘অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি’ বলে মন্তব্য বিচারকের

চেস্টার ক্রাউন কোর্টের বিচারক স্টিফেন এভারেট বিলালকে অত্যন্ত বিপজ্জনক যৌন অপরাধী বলে উল্লেখ করেন। তাঁর মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির নিরাপত্তার দুর্বলতাকে কাজে লাগিয়ে অভিযুক্ত নাবালিকাদের মনে প্রভাব বিস্তার করেছিল এবং তাদের এমন কাজ করতে বাধ্য করেছিল, যা তারা স্বাভাবিকভাবে কখনও করত না।

বিচারক বলেন, যে শিশুরা নিজেদের বাড়িতে নিরাপদ বলে মনে করত, অভিযুক্ত সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে তাদের সেই নিরাপত্তাবোধও কেড়ে নিয়েছে। নির্যাতিতাদের শৈশবের স্মৃতি এই ঘটনার কারণে চিরতরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অভিযুক্তের অনুশোচনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিচারক।

চেশায়ার পুলিশের গোয়েন্দা আধিকারিক জর্জিয়া হিউজ বলেন, অভিযুক্তের নিশানায় থাকা মেয়েরা ছিল অত্যন্ত অল্পবয়সি ও অসহায়। তাদের অনেকের কাছেই এটি ছিল প্রথম প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে বিলাল তার অপরাধমূলক আচরণকে স্বাভাবিক বলে প্রতিষ্ঠা করেছিল। দাবি মেনে না নিলে কী ঘটতে পারে, সেই আতঙ্কে বহু কিশোরী দীর্ঘদিন ভুগেছে।

অন্যদিকে, অনলাইন নিরাপত্তা নিয়ে অভিভাবকদের সতর্ক করেছেন সার্জেন্ট রস পিল। তিনি বলেন, সন্তানরা কোন কোন অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছে, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখা উচিত। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে অনলাইনে যোগাযোগের ঝুঁকি সম্পর্কে সন্তানদের সচেতন করাও অত্যন্ত জরুরি।

তাঁর কথায়, বিশ্বের যে কোনও প্রান্তে বসে অপরাধীরা অনলাইনে শিশুদের নিশানা করতে পারে। তাই অভিভাবক ও সন্তানদের মধ্যে অনলাইন নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।

তথ্যসূত্র: Cheshire Police