ক্যানসারের ব্যক্তিভিত্তিক mRNA ভ্যাকসিন চিকিৎসায় আশাব্যঞ্জক ফল, দাবি রুশ চিকিৎসকদের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ক্যানসারের চিকিৎসায় ব্যক্তিভিত্তিক mRNA প্রযুক্তিনির্ভর ভ্যাকসিন প্রয়োগ করে আশাব্যঞ্জক ফল পাওয়ার দাবি করলেন রাশিয়ার চিকিৎসা ও গবেষকরা। প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে এই ভ্যাকসিনের সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া শেষ করেছেন এক রোগী। রাশিয়ার সংবাদমাধ্যম Gazeta.ru-তে মস্কোর গামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গের বক্তব্য উদ্ধৃত করে এই খবর জানানো হয়েছে।
বর্তমানে ওই রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার ফর রেডিওলজিতে প্রতি মাসে তাঁর উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটেড টোমোগ্রাফি (CT) স্ক্যান করা হচ্ছে। বিশেষ করে শরীরের বিভিন্ন লিম্ফ নোডের দিকে নজর রাখছেন চিকিৎসকরা।
গিন্টসবার্গের দাবি, চিকিৎসা শেষ হওয়ার পর ইতিমধ্যে প্রায় চার মাস কেটে গিয়েছে। রোগী বর্তমানে সুস্থ বোধ করছেন এবং সাম্প্রতিক পরীক্ষায় নতুন করে কোনও টিউমার তৈরি হওয়ার লক্ষণ পাওয়া যায়নি। আগামী তিন বছর তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।
গিন্টসবার্গ জানিয়েছেন, mRNA প্রযুক্তিতে তৈরি এই ওষুধটি মূলত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে (Immune System) প্রশিক্ষিত করে। এর ফলে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা ক্যানসার কোষ এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ম্যালিগন্যান্ট টিউমার বা মেটাস্ট্যাসিস (Metastasis) শনাক্ত করে ধ্বংস করতে পারে।
তবে বিজ্ঞানীর মতে, এই ভ্যাকসিন কোনও সর্বজনীন ক্যানসার নিরাময়ের ওষুধ নয়। কারণ প্রতিটি টিউমারের জিনগত বৈশিষ্ট্য আলাদা। তাই রোগীর নিজস্ব জিনগত বৈশিষ্ট্য এবং টিউমারের ধরন বিশ্লেষণ করে প্রত্যেকের জন্য আলাদাভাবে এই ভ্যাকসিন তৈরি করা হয়।
এদিকে ক্যানসারের ওষুধ তৈরির ক্ষেত্রে এগিয়ে চলেছে কাজাখস্তানও। দেশটি নিজস্ব DVC নামের একটি ক্যানসারবিরোধী ওষুধ তৈরি করছে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই ওষুধের বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। কাজাখস্তানের বিজ্ঞান ও উচ্চশিক্ষামন্ত্রী সায়াসাত নুরবেক জানিয়েছেন, ওষুধটির পরীক্ষার প্রথম পর্যায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার প্রস্তুতি ও কাজ শুরু করেছেন বিশেষজ্ঞরা।

