Friday, November 6, 2026
Latestদেশ

ভারতের কাছ থেকে ৮০০ মিলিয়ন ডলারে আরও ৫টি ব্রহ্মস কিনছে ফিলিপিন্স: রিপোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের কাছ থেকে আরও ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার জন্য চূড়ান্ত পর্যায়ে আলোচনা চালাচ্ছে ফিলিপিন্স। প্রস্তাবিত এই চুক্তির আনুমানিক মূল্য ৭০০ থেকে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।

প্রস্তাবিত চুক্তির আওতায় ফিলিপিন্স প্রায় ৫টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে পারে। এর মধ্যে প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে আলোচনার সঙ্গে যুক্ত দুই ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স।

এর আগে ২০২২ সালে ভারত ও ফিলিপিন্সের মধ্যে ৩৭৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, ফিলিপিন্সকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করছে ভারত। বর্তমানে প্রথম চুক্তির অধীনে সরবরাহের কাজ প্রায় শেষের পথে।

রয়টার্সকে এক ভারতীয় সূত্র জানিয়েছে, ফিলিপিন্স নতুন করে প্রায় ৫টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার আগ্রহ দেখিয়েছে। ভারতের উপর তাদের আস্থা আরও বেড়েছে এবং তারা ভারতকে নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হিসেবে বিবেচনা করছে।

নতুন চুক্তি সম্পন্ন হলে ফিলিপিন্সের হাতে থাকা ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রথম পর্যায়ে দেশটি মূলত নৌবাহিনীর ব্যবহারের জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছিল।