সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রীয় সম্মান পেলেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মাঝ আকাশে বিমানের ককপিটে হামলার মুখেও অসীম সাহসিকতার পরিচয় দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য সম্মানিত হলেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছর। তাঁর পাশাপাশি ফ্লাইদুবাইয়ের (FlyDubai) অন্যান্য ক্রু সদস্যদেরও ‘ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ II’ সম্মাননায় ভূষিত করেছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। তাঁদের এই সাহসিকতার স্বীকৃতি দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
দুবাই মিডিয়া অফিসের তরফে মঙ্গলবার প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম এই সম্মাননা প্রদান করেন। ফ্লাইদুবাইয়ের ক্রু সদস্যদের দায়িত্ববোধ, সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসাও করেন তিনি।
ঘটনাটি ঘটে গত ৩০ সেপ্টেম্বর। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ (FZ1073) বিমানে ১৭০ জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। মাঝ আকাশে বিমানের কো-পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের উপর হামলা চালান। ওই ঘটনায় গুরুতর আহত হন স্মিত। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
ইজরায়েলি কর্মকর্তাদের দাবি, হামলার পর কো-পাইলট বিমানটিকে ৩০ সেকেন্ডেরও কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট নীচে নামিয়ে আনেন। সেই সময় রক্তাক্ত অবস্থায় ককপিটের মেঝেতে পড়ে থাকলেও হাল ছাড়েননি স্মিত। শেষ শক্তি দিয়ে তিনি ককপিটের দরজার লক খুলতে সক্ষম হন। এরপর বিমানের যাত্রী ও ক্রু সদস্যরা ককপিটে ঢুকে কো-পাইলটকে কাবু করেন। ফলে বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়।
এরপর বিমানে থাকা অন্য দুই পাইলট বিমানটিকে নিরাপদে সৌদি আরবের তাবুকে অবতরণ করান। অভিযুক্ত কো-পাইলটকে গ্রেফতার করা হয়। গুরুতর আহত স্মিতকে প্রথমে তাবুকের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আবুধাবিতে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনার পর স্মিত মাচ্ছর ও ফ্লাইদুবাইয়ের অন্যান্য ক্রু সদস্যদের সাহসিকতা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল। সংযুক্ত আরব আমিরশাহির এই সম্মাননা তাঁদের কর্তব্যনিষ্ঠা, দায়িত্ববোধ ও অসাধারণ সাহসিকতার প্রতি স্বীকৃতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

