ছাত্র সমাবেশে বহিরাগত নেহা বোরাকে অনুমতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কমিটি ভেঙে দিলেন উপাচার্য
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি ছাত্র সমাবেশে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরার উপস্থিতিকে কেন্দ্র করে এবার কমিটি ভেঙে দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গত ৭ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে পুরনো কমিটি ভেঙে আট সদস্যের নতুন কমিটি গঠন করেছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জেন জি মুভমেন্ট: ইউনিটি অফ জেনারেশন অ্যান্ড রেজিস্ট্যান্স’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, ন্যাশনাল টেস্টিং এজেন্সির কার্যকলাপ, প্রস্তাবিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল, ভোটার সংকট এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর মতো একাধিক সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পড়ুয়াদের পাশাপাশি একাধিক ছাত্র সংগঠন এবং বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপাচার্যের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের অনুমোদন ও তদারকির দায়িত্বে থাকা ‘অ্যাপ্রুভিং অ্যান্ড মনিটরিং ফর প্রোগ্রামস’ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আপাতত এই সংক্রান্ত বিষয়গুলির দায়িত্ব সামলাবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবজিৎ দত্ত।
তবে কেন এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনও কারণ উল্লেখ করা হয়নি।

