Sunday, July 5, 2026
Latestদেশ

অনুপ্রবেশ রুখতে এবার ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতিতে তামিলনাড়ুর বিজয় সরকার, পশ্চিমবঙ্গে আনা হচ্ছে ৫০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি এবার কঠোরভাবে প্রয়োগ করতে শুরু করল তামিলনাড়ু সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক করা ৫০ জনকে কড়া পুলিশি পাহারায় পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। উত্তর ২৪ পরগনার হরিদাসপুর (পেট্রাপোল) সীমান্ত দিয়ে তাদের সীমান্তরক্ষী বাহিনীর (BSF) মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

কড়া নিরাপত্তায় ট্রেনযাত্রা

তামিলনাড়ু পুলিশ সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তল্লাশি চালিয়ে এই ৫০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়া চলাকালীন তাদের সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়। সমস্ত আইনি নথিপত্র খতিয়ে দেখার পর তাঁদের ‘ডিপোর্ট’ বা বিতাড়নের চূড়ান্ত নির্দেশ জারি করা হয়।

গত ৩ জুলাই সম্পূর্ণ গোপনীয়তা এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের সড়কপথে তিরুচিরাপল্লিতে নিয়ে আসা হয়। এরপর তিরুচিরাপল্লি স্টেশন থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট কোচে তাদের তোলা হয়েছে। ধৃত ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

হরিদাসপুর সীমান্তে হস্তান্তর

তামিলনাড়ু পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, হাওড়া স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি তাদের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্তে নিয়ে যাওয়া হবে। সেখানে তামিলনাড়ু পুলিশের দল আনুষ্ঠানিকভাবে ধৃতদের বিএসএফ কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। এরপর প্রয়োজনীয় আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে বিএসএফের তরফে ওই ৫০ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

রাজ্যে ‘হোল্ডিং সেন্টার’ ও কড়া অবস্থান

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং রোহিঙ্গা ইস্যুতে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন। তাঁর নির্দেশেই বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য রাজ্যের জেলায় জেলায় বিশেষ ‘হোল্ডিং সেন্টার’ গড়ে তোলা হয়েছে। তামিলনাড়ু থেকে আসা এই দলটিকেও সীমান্ত পার করার আগে সাময়িকভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তামিলনাড়ুর এই সাম্প্রতিক পদক্ষেপের পর স্পষ্ট যে, দক্ষিণ ভারতেও এখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত গতি পেয়েছে।